বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তাই জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি।
ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে রাজপথে নামতে হয়েছে, বুক পেতে দিতে হয়েছে গুলির সামনে, ঝরাতে হয়েছে রক্ত। সেই সংস্কারের প্রথম ধাপ হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের প্রতীক্ষায় ১৮ কোটি মানুষ।
শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ আরও বলেন, “চাঁদাবাজ ও দখলবাজদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে কোনো আয়নাঘর থাকবে না, যেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, ধর্ম-বর্ণ-গোত্র-জাত নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ছোট ছোট দল গঠিত হচ্ছে, এটা গণতন্ত্রের জন্য ভালো। কিন্তু দুই মাস না যেতেই এই দল থেকে একের পর এক নেতা পদত্যাগ করছেন। তিনি ইঙ্গিত করে বলেন, “অন্য দলের সমালোচনা না করে আগে নিজেদের দল গোছান। কেউ কেউ বলছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না—আমাদের ছেলে-মেয়েরা কি এই জন্য জীবন দিয়েছে?”
সভায় যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী সামসুদ্দিন মিয়া ঝুনু, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সাবেক সভাপতি ছিদ্দিক তালুকদারসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতারা।