ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ঐক্য ও সহমর্মিতার আহ্বান জানিয়েছেন ডাকসু নির্বাচনে পরাজিত জিএস প্রার্থী এবং ছাত্রদল থেকে অব্যাহতি পাওয়া নেতা শেখ তানভীর বারী হামিম। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
হামিম বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শিক্ষার্থীদেরই সহপাঠী ও সহযোদ্ধা। গণতন্ত্র রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন, শাহবাগ থানায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। তবে ছাত্রদল নেতাকর্মীদের ভাষ্যমতে, কিছু ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল এবং পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবাই একটি পরিবারের অংশ। সাময়িক ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হলেও তা কাটিয়ে ওঠা জরুরি। হামিম বিশ্বাস করেন, কোনো ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকা উচিত এবং পারস্পরিক সহনশীলতার মাধ্যমে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
তিনি সাংবাদিক ও ছাত্রনেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ক্যাম্পাসের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভুল বোঝাবুঝি দূর করে একসঙ্গে এগিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে ইতিবাচক ভবিষ্যতের পথ।