মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত ছয় রাবার শ্রমিককে বাংলাদেশ সেনাবাহিনীর সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন থেকে অপহৃত শ্রমিকদের জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বান্দরবান সেনা জোন (২৮ ই বেঙ্গল) এর সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হন।অপহরণের পরপরই সেনাবাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। গত ২৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ভোর পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে ভোরে একটি পাহাড়ি এলাকায় অভিযান চালানো হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শ্রমিকদের ফেলে রেখে পালিয়ে যায়।
পরে সেনাসদস্যরা ঘটনাস্থল থেকে ছয়জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। অভিযানে ম্যাংতাং ম্রো (৩০) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন—মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত।
উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ জানান, রাতে দুর্বৃত্তরা শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, অপহৃতদের উদ্ধারে পুলিশের পক্ষ থেকেও অভিযান চালানো হচ্ছিল। শেষ পর্যন্ত সেনাবাহিনীর অভিযানে শ্রমিকরা উদ্ধার হন।
উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিল রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকা থেকেও তিন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরদিন সন্ধ্যায় তাদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।