ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ ও ‘মব কালচার’ ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ছাত্রদলের বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে। তার দাবি, এই কার্যক্রমের পেছনে শিবিরের কিছু গোপন সংগঠন কাজ করছে, যা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।
তিনি অভিযোগ করেন, গত দেড় বছরে একাধিক ক্যাম্পাসে ছোট একটি সংগঠিত গ্রুপ শিক্ষার্থীদের উসকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এর মাধ্যমে ছাত্রদলকে হেনস্তা করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
ছাত্রদল সভাপতি আরও বলেন, ভুয়া তথ্য ও ফটোকার্ড ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে। তবে ছাত্রদল সর্বোচ্চ সংযম ও ধৈর্য বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করছে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে গোপন রাজনীতি চলতে থাকলে শিক্ষাঙ্গনের সংকট আরও বাড়বে এবং সুযোগ নেবে অন্য রাজনৈতিক শক্তি। তাই প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তিনি।