নাটোরের গুরুদাসপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝাউপাড়া গ্রামের বানী মোল্লা (৩৭), মহারাজপুরের শুভ ইসলাম (২২), রাব্বি হোসেন (১৯), ধানুড়া এলাকার হাসিবুল ইসলাম (২১) এবং মেহেদী হাসান (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের টহল চলাকালে মহারাজপুর এলাকায় একটি ঘরে ইয়াবা বেচাকেনার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে মোট ২০৪টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।