পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাশিপুর এলাকায় মোতাহার মীরের দোকানের পেছনের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুর ইসলামের নেতৃত্বে এসআই (নি.) মো. মনিরুজ্জামানসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রয়ের সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কাশিপুর এলাকার মো. মোয়াজ্জেম হোসেন মীরের ছেলে মো. খায়রুল ইসলাম মীর (২১), একই এলাকার মো. জামাল মীরের স্ত্রী মোসা. খাদিজা বেগম (৩১), পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের আখই বাড়িয়া গ্রামের মো. আজাহার কাজীর ছেলে মো. সবুজ কাজী (৩০) এবং বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মো. সোবাহান আকনের ছেলে মো. সুমন আকন (৩৩)।
এ সময় তাদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।