আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
চোখ মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। অথচ সামান্য অবহেলা আর অর্থের অভাবে অনেকেই হারান এই অমূল্য দৃষ্টিশক্তি। এমন বাস্তবতায় নাঙ্গলকোটে আয়োজন করা হলো এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবির, যেখানে চিকিৎসা পেলেন দেড় শতাধিক অসহায় রোগী।
সোমবার (২০ এপ্রিল) উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার পরিচালনায় এবং অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিবিরে সব বয়সী চক্ষুরোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়া ছানি অপারেশনের উপযোগী রোগীদের একই দিন চক্ষু হাসপাতালের গাড়িতে কুমিল্লায় পাঠানো হয়। তাদের অপারেশনসহ যাওয়া-আসা, থাকা-খাওয়া, সেবা-যত্ন, ঔষধ ও চশমা প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
প্রোগ্রাম অফিসার দেলোয়ার হোসেন জানান, এ কর্মসূচিতে দেড় শতাধিক রোগীকে সাধারণ চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে এবং অর্ধশতাধিক রোগীকে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। শিবিরটি পরিচালনায় ছিলেন বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি।
সার্বিক সহযোগিতা করে নাঙ্গলকোট প্রেসক্লাব ও মানবিক বক্সগঞ্জ। এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, মানবিক বক্সগঞ্জের সদস্য ও ইউপি সদস্য মাওলানা সাকের হোসেন, মাস্টার মাসুদ হাসান, মাসুম বিল্লাহ, আব্দুল কাইয়ুম, মুন্না, শাহপরান, জীবনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।