মোঃ হাসনাইন আহম্মেদ
ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দৌলতখান থানার চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ২টি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. জসিম হাওলাদার (৪৫), পিতা: মৃত কাশেম হাওলাদার, গ্রাম: চরপাতা ৯ নম্বর ওয়ার্ড, পোস্ট: রাধাবল্লভ বাজার, থানা: দৌলতখান, জেলা: ভোলা এবং মোহাম্মদ জসিম উদ্দিন (৫০), পিতা: মৃত মুজিবুর হক খন্দকার, গ্রাম: চর খলিফা ৯ নম্বর ওয়ার্ড, পোস্ট: রাধাবল্লভ বাজার, থানা: দৌলতখান, জেলা: ভোলা।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।