মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরি ও দেশীয় অস্ত্র মামলার সাথে জড়িত সন্দেহভাজনসহ মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানের পর গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে ওয়াছ করুনী (২৪) ও মোঃ হাসান (৪৫) কে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এছাড়া দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ সবুজ মিয়া (২৩), মোঃ ওসমান গনি (২১), আলিফ (১৭) ও ইয়াছিন (১৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।