মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের পশ্চিম আউটশাহী গ্রামের বাসিন্দা রুবেল মিয়া বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) পদে পুনরায় নিয়োগ লাভ করেছেন। তিনি ওই এলাকার এবাদুল মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে এসআই পদে তার নিয়োগ চূড়ান্ত হয়েছিল। তবে সে সময় দলীয়করণের অভিযোগে তৎকালীন সরকার তার নিয়োগ বাতিল করে দেয়। এরপর দীর্ঘ প্রায় দুই দশক অপেক্ষার পর অবশেষে ২০২৬ সালে তিনি পুনরায় এই পদে নিয়োগ পান।
রুবেল মিয়ার এই অর্জনে তার পরিবারসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা এটিকে দীর্ঘ প্রতীক্ষার ন্যায়বিচার হিসেবে দেখছেন।
নবনিযুক্ত রুবেল মিয়াকে আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের জন্য উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, তার এই সাফল্যকে ঘিরে টঙ্গীবাড়ী থানায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুল হক (ডাবলু) রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।
এ সময় তিনি রুবেল মিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। থানার অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।