নাটোরের গুরুদাসপুর উপজেলায় লিচু বাগানে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী জয়গন বেগম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বিয়াঘাটের বাবলাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমজান আলী ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য, বাড়ি থেকে বৈদ্যুতিক তার টেনে পাশের লিচু বাগানে মোটরে সংযোগ দিতে যান সমজান আলী ও তার স্ত্রী। সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথেই সমজান আলীর মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানান, আহত জয়গন বেগম চিকিৎসাধীন আছেন এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।