মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনে ১১টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মো. তোতা মিয়া ও মো. হান্নান মিয়া জুয়েল পরিষদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুধুমাত্র কার্যকরী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম-কে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের মো. ইকবাল হোসেন শেখ নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এই পদেও কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৬ এপ্রিল আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সমিতির নিবন্ধিত ১১ জন আইনজীবীকে অযোগ্য ঘোষণা করে তাদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। যদিও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সংগঠন ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি, তথাপি ‘সাধারণ আইনজীবী পরিষদ’ ব্যানারে মোহাম্মদ আলী–সবুজ প্যানেল থেকে তারা প্রার্থী হয়েছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন—সহ-সভাপতি পদে মুহাম্মদ মজিবুর রহমান শেখ ও মো. মনির হোসেন লিংকন, সহ-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মাহাবুব, কোষাধ্যক্ষ মো. আজিজুর রহমান রাজীব, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান ঢালী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব, সমাজকল্যাণ ও ধর্মবিষয়ক সম্পাদক মো. নুর হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার লাকি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম তুহিন।
এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম, শফিকুল ইসলাম মিন্টু, আখি আক্তার ও সাইফুল ইসলাম।