প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আল্লামা মামুনুল হককে বিভিন্নভাবে সংসদে যেতে বাধা দেওয়া হলেও রাজপথে তাকে থামানো সম্ভব নয়। তিনি জানান, এনসিপি সংসদে রয়েছে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলে ধরার জন্য, আর রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্যান্য নেতারা। প্রয়োজন হলে এই দুই মঞ্চ একত্রিত হয়ে আন্দোলন জোরদার করা হবে।
তিনি অভিযোগ করেন, দেশের মানুষ বর্তমানে নানা সংকটে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকার ব্যর্থ হচ্ছে। বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করলেও সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে না বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ করছে এবং বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি হুঁশিয়ার করে বলেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে এর পরিণতি গুরুতর হতে পারে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।