“বিড়ালের মতো বাঁচতে চাই না, শত বছর-হাজার বছর সিংহের মতো বাঁচতে চাই”—এমন মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দল আন্দোলন চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন।
শফিকুর রহমান বলেন, সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম থামবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাদের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি, যেখানে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতভেদ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।