এই মেয়েটির নামে মামলা দিলে তা বাকস্বাধীনতার লঙ্ঘন হবে কিনা—এমন প্রশ্ন তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে আলোচনা উসকে দেন।
মানসুরা আলম একটি ফেসবুক আইডি থেকে শেয়ার করা পোস্টের স্ক্রিনশট তুলে ধরে প্রশ্ন করেন, উক্ত বক্তব্যের কারণে যদি মামলা ও গ্রেফতার করা হয়, তাহলে সেটি কতটা যৌক্তিক হবে এবং তা আদৌ বাকস্বাধীনতার পরিপন্থী কিনা। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টে তিনি নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিয়েও কথা বলেন। তার মতে, নারীদের অগ্রগতির পথে প্রধান বাধা অনেক সময় পুরুষ নয়, বরং রাজনীতির সঙ্গে জড়িত কিছু নারীই। তিনি অভিযোগ করেন, এদের মানসিকতা ও কর্মকাণ্ড নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করছে।
মানসুরা আরও উল্লেখ করেন, প্রকৃত নারী ক্ষমতায়ন মানে নারীদের স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করা, যা কিছু রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তিনি এসব অবস্থানের বিরোধিতা করে আসছেন বলেও জানান।
তার এই পোস্টের মাধ্যমে বাকস্বাধীনতা, নারীর ভূমিকা ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।