মঈন উদ্দীন, বান্দরবান
বান্দরবান সদর এপি (গ্রাউস) এর বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় বাল্য বিবাহ নিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশু শ্রম নিরসন, ও শিশু সুরক্ষা নিশ্চিতকরনে বান্দরবানের বিভিন্ন পাড়া কারবারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২১ এপ্রিল) সকালে বান্দরবান হিলটন হোটেলের হলরুমে বান্দরবানের বিভিন্ন পাড়া কারবারিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার,
বান্দরবান ওয়ার্ল্ড ভিশন এর (কো- অর্ডিনেটর) বিপ্লব তপাদার,
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি জাতির সামগ্রিক উন্নয়ন অনেকাংশেই নির্ভর করে শিশুদের সুরক্ষা, সুস্থ বিকাশ এবং সঠিক পরিচর্যার ওপর। কিন্তু এখনও আমাদের সমাজে বাল্যবিবাহ, শিশুর অপুষ্টি, শিশু শ্রম ও বিভিন্ন ধরনের নির্যাতন শিশুদের স্বাভাবিক জীবনযাত্রা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা একটি কিশোরীর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। একইভাবে অপুষ্টিতে ভোগা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়, যা দীর্ঘমেয়াদে জাতির জন্য ক্ষতিকর। অন্যদিকে শিশু শ্রম শিশুদের শৈশব কেড়ে নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ঠেলে দেয়।
প্রধান অতিথি আরও বলেন, এসব সমস্যা নিরসনে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে পাড়া কারবারিরা স্থানীয়ভাবে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তাদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা এসব সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারা যদি নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন, তাহলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় বান্দরবান সদর এপি (গ্রাউস) ও সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান এবং বলেন, সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, শিশুবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।
শেষে তিনি সকলকে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।