“বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে এবং আওয়ামী লীগকে ফেরত আনতে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত বামপন্থিরা”
এমনটাই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন।
তিনি বলেন,
“আজকের মব সৃষ্টির ফ্রেমিংটা ১৯৭১ বনাম ২০২৪ না। এটা মূলত উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দাঁড় করিয়ে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টা। শাহবাগ ও বাকশালকে নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে।”
এস এম ফরহাদ ক্ষোভের সাথে বলেন,
“শাহবাগ কায়েম করে আমাদেরকে দিনে দিনে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রসফায়ারে দেওয়া হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। আমরা এতে হতাশ হইনি। আমরা শাহবাগ ও বাকশালের বিরুদ্ধে ছিলাম, এখনো আছি। আবার যদি শাহবাগ কায়েমের চেষ্টা হয়, আমরাও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রুখে দাঁড়াব ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট অভিযোগ করেন,
“শেখ হাসিনার রাজনীতি টিকিয়ে রাখতে বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত বামপন্থিরা। মতিউর রহমান নিজামীসহ জামায়াত-বিএনপি নেতাদের ফাঁসির আদেশ কোনো বিচার নয়, বরং এটি ছিল পরিকল্পিত বিচারিক হত্যাকাণ্ড। এর দায় শুধুই শেখ হাসিনার নয়, শাহবাগের সেই ফ্যাসিবাদী দোসরদেরও, যারা ১০-১২টা সংগঠন থেকে ২০-২৫ জন নিয়ে এসে টিএসসিতে তথাকথিত প্রতিবাদ করছে।”
তিনি আরও বলেন,
“বিভিন্ন তকমা দিয়ে বামদের এই দ্বিচারিতা নতুন নয়, অনেক আগ থেকেই চলেছে। আজকের যারা ফেসবুকে পোস্ট দিয়ে বিক্ষোভ ছড়িয়েছে, তাদের সবাই কোনো না কোনো বাম ছাত্র সংগঠনের সভাপতি, সম্পাদক কিংবা পদধারী নেতা।”
এর আগে, ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক আয়োজনে শিবিরের পক্ষ থেকে টিএসসিতে তিনদিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ব্যতিক্রমধর্মী প্রদর্শনী আয়োজন করা হয়। এই আয়োজনে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের—গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি সংযুক্ত করা হয়।
এতেই ক্ষুব্ধ হয় বাম সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে ছবি সরিয়ে ফেলে। এরপর সন্ধ্যা থেকে শুরু হয় পাল্টাপাল্টি বিক্ষোভ, উত্তপ্ত হয়ে ওঠে টিএসসি চত্বর।
এই ঘটনার প্রেক্ষিতে এস এম ফরহাদ বলেন,
“আমরা ইতিহাসের সত্যিকারের শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। যারা বাম রাজনীতির নামে রাষ্ট্রের ফ্যাসিবাদী হাতিয়ারে পরিণত হয়েছে, তাদের অপচেষ্টা কখনো সফল হবে না।”