দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার একটি টহলদল উপজেলার শুকনাকুড়ি ছোট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে। আটক আনোয়ার হোসেন উপজেলার উত্তর নোয়াগাঁও গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিরিশিরি থেকে ঝানজাইল এলাকায় টহল ডিউটির সময় পুলিশ গোপন তথ্য পায় যে, শুকনাকুড়ি ছোট ব্রিজের ওপর এক ব্যক্তি বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আনোয়ার হোসেন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার কাছে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে এক হাজার ৯০০ পাতা (২৮ হাজার ৫০০ পিস) ভারতীয় তৈরি ট্যাবলেট উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা। প্রাথমিকভাবে জানা গেছে, আনোয়ার দীর্ঘদিন ধরে ভারতীয় ওষুধ চোরাচালানের সঙ্গে জড়িত।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।