মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে সরকারি ল্যাপটপ চুরির ঘটনায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে শ্রীনগর থানার পুলিশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত। এ সময় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
গ্রেপ্তারের পর মিজানুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে চুরি হওয়া সরকারি ল্যাপটপটি উদ্ধার করা হয়।
অভিযুক্ত মিজানুর রহমান শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের ছোট ভাই এবং পেশায় একজন ঠিকাদার বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা প্রকৌশলী অফিস ত্যাগ করার পরপরই মিজানুর রহমান ওই কক্ষে প্রবেশ করেন। কিছু সময়ের মধ্যে ফাঁকা অফিস থেকে একটি সরকারি ল্যাপটপ সাদা রঙের ব্যাগে ভরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
এ ঘটনায় গত রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।