রাশিমুল হক , বরগুনা
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাখারিয়া গ্রামে মাত্র পাঁচশত টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার গাজীর জামাই আল-আমিনের সঙ্গে পাশের বাড়ির এলাচ খলিফার নাতি ফয়সালের এক হাজার টাকা লেনদেন ছিল। এর মধ্যে পাঁচশত টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা না দেওয়ায় বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ফয়সালের নানা এলাচ গাজীর কাছে বিচার দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে হাবিব গাজী, আনোয়ার গাজী ও হেমেলা বাড়ির পাশের বিলে গরু আনতে গেলে ফয়সালসহ খলিফা পরিবারের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের স্বজনরা উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা মরিচের গুঁড়া চোখে নিক্ষেপ করে এবং দা ও ছুরি দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুতর জখম করে।
আহতরা হলেন-হাবিব গাজী, আনোয়ার গাজী ও হেমেলা। তাদের উদ্ধার করে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন-রিপন, শিপন, রুবেল, ফয়সাল, এলাচ খলিফা, শফিক, মনিকা ও নুরজাহান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান, মাত্র পাঁচশত টাকার জন্য এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।