রাশিমুল হক , বরগুনা
বরগুনার তালতলী উপজেলায় ভুয়া পরিচয়ে দীর্ঘদিন চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আমির হোসেন খান নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, আমির হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্র সংলগ্ন একটি দোকানঘরে ‘আল-আমিন ফার্মেসি’ নামের সাইনবোর্ড টাঙিয়ে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলে ঘটনাস্থল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে আমির হোসেন স্বীকার করেন যে, তার কোনো চিকিৎসা সংক্রান্ত সনদ নেই এবং তিনি কখনো মেডিকেল কলেজে পড়াশোনাও করেননি।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, একজন ব্যক্তি ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। তাই তাকে আইন অনুযায়ী দণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভুয়া চিকিৎসক বা অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান থাকবে।