রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
জেলা এনএসআই, কুমিল্লা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এবং সরাসরি অংশগ্রহণে আদর্শ সদর উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত ২১৫ লিটার অকটেন উদ্ধার এবং মোট ১,৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা মাশিয়াত আক্তার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান মেসার্স শফিকুল এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে গোপনে মজুদ রাখা ২১৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদ, অতিরিক্ত মূল্যে বিক্রয় এবং অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী মেসার্স শফিকুল এন্টারপ্রাইজকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ জ্বালানি সরবরাহে জড়িত মোঃ শরিফুল ইসলামকে ৫০,০০০ টাকা এবং মোঃ রাসেলকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ১,৩০,০০০ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।