নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার সদরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩১০০ লিটার ডিজেল জব্দ করেছে। একই সাথে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।
ব্যবসা প্রতিষ্ঠান গুলো হল-সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারের মেসার্স শংকর সহায় এন্টারপ্রাইজ ও মেসার্স রাজীব ট্রেডার্স।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স। তারা অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করেন। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩১০০ লিটার ডিজেল তেল জব্দ করেন। এসময় ২টি মামলায় মোট ৪০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ডিজেলের মূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।
এতে আরও উল্লেখ করা হয়, নেত্রকোনা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করণে অবৈধ মজুতদারের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।