পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর এক ঘটনায় ঢাকাগামী একটি লঞ্চে প্রায় ৮ মাস বয়সী এক কন্যা শিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দিয়েছিলেন।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমভি বন্ধন-৫ লঞ্চে শিশুটিকে অসহায় অবস্থায় পাওয়া যায়। জানা যায়, বিকেল ৪টার দিকে উপজেলার কালাইয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চটিতে শিশুটিকে সঙ্গে নিয়ে উঠেন ওই ব্যক্তি।
লঞ্চের ডেকে বসে তিনি নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে কিছুক্ষণ আলাপচারিতা করেন। একপর্যায়ে শিশুটির মাকে নিয়ে আসার কথা বলে পাশের যাত্রীদের কাছে শিশুটির দেখাশোনার অনুরোধ জানিয়ে লঞ্চ থেকে নেমে যান। কিন্তু লঞ্চ ছেড়ে যাওয়ার পরও তিনি আর ফিরে আসেননি।
কিছুক্ষণ পর শিশুটি কান্না শুরু করলে আশপাশে তার কোনো স্বজনকে খুঁজে না পেয়ে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। পরে লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখেন।
এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, কী কারণে শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে।
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, শিশুটির পরিচয় শনাক্ত এবং পরিবারের সন্ধান পেতে চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।