মাসুম হোসেন , (শাহজাদপুর) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মৃত গরুর মাংসে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (১৭ এপ্রিল বৃহস্পতিবার) উপজেলার রতনকান্দি এলাকার পুরাতন বাজারে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় এক অসাধু ব্যবসায়ী মরা গরুর মাংসের সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তা বিক্রির চেষ্টা করছিলেন। উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনেই তার অনিয়ম ধরা পড়ে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তি মো. নুর ইসলাম (পিতা: মৃত রিয়াজ সরকার), পাবনা জেলার বেড়া উপজেলার আমাইখোলা গ্রামের বাসিন্দা। আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযানকালে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বিবেচনায় জব্দকৃত মাংস তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।