মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অপহরণের শিকার এক ১৬ বছর বয়সি মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার এমসি বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকালে ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে আবিদ (২১) নামের এক যুবক ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। আবিদ দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিত বলে অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, ওই দিনই মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। তবে পরে বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক বসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় এবং ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে পুনরায় ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় মারধর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, ঘটনাটি মূলত প্রেমঘটিত হলেও পারিবারিক জটিলতার কারণে বিষয়টি আরও গুরুতর আকার ধারণ করেছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, শনিবার সকালে অভিযান চালিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।