মুন্সিগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (রাত ও সকাল) ভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাত প্রায় ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে একই দিন সকাল ৭টার দিকে শ্রীনগর রেলওভার ব্রিজের ঢালে সার্ভিস সড়কে একটি পিকআপ ভ্যানের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিকআপে থাকা পাঁচ শ্রমিক আহত হন।
আহতরা হলেন—আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের অধিকাংশের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে।
জানা গেছে, রাস্তা মেরামতের কাজে ব্যবহৃত মালামাল ও শ্রমিক বহন করে পিকআপটি মাওয়ামুখী লেন দিয়ে যাচ্ছিল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।