জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের জন্য যুবকরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, কিন্তু দেশ গঠনের সময় প্রবীণরা বারবার তাদের সাথে প্রতারণা করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আয়োজনে জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
মাসউদ বলেন, “আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ ও পাকিস্তানের শাসন থেকে মুক্তি এনে দিয়েছে। আমরা যুবকরা দিল্লির প্রভাব থেকে দেশকে মুক্ত করেছি। স্বাধীনতার পর সবচেয়ে রক্তক্ষয়ী বিপ্লবও করেছে আমাদের যুব সমাজ। সবাই এক উদ্দেশ্যে রাজপথে নেমেছিল— দেশকে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করা।”
তিনি আরও বলেন, “যুবকরা বুক পেতে শহীদ হয়েছে, কিন্তু প্রবীণরা বারবার তাদের সঙ্গে প্রতারণা করেছে। যারা আমাদের শিশু মনে করে, তারা বলে বাংলাদেশ বাচ্চাদের হাতে নিরাপদ নয়। অথচ এই বাচ্চারাই জীবন দিয়ে নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে।”
এনসিপির এই নেতা জানান, যুবক ও প্রবীণদের সহযোগিতায় তারা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত।