গত ৫ আগস্টের ঐতিহাসিক বিজয় একক কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে বলেই এটি সফল হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে লন্ডনে মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি সাবেক নৌবাহিনী প্রধান এবং তার সহধর্মিণী ডা. জুবায়দা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন, “আমরা যারা রাজনীতি করি, তারা দেশের মানুষের জন্যই করি। আজ দেশে একটি পরিবর্তন এসেছে। মানুষের চোখ খুলেছে। এখন সময়, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার।”
তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর আমি প্রবাসে আছি। আমিও আপনাদের মতো একজন প্রবাসী। এই সময়ে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ছড়িয়েছেন, তা গণজাগরণের বড় অনুঘটক হয়ে উঠেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
সভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপ সমন্বয়ক কামাল উদ্দিনসহ সংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, মাহবুব আলী খান ছিলেন একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, যিনি দেশের সেবায় আমৃত্যু কাজ করেছেন। তার মতো দেশপ্রেমিকদের আদর্শই বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা হওয়া উচিত।
অনুষ্ঠানে খতমে কোরআন ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।