কুমিল্লার মুরাদনগর উপজেলার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি এ মামলার এজাহারে ২৫ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখিত ছিলেন।
মঙ্গলবার (২৯ জুলাই) ডিবির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩ জুলাই বাঙ্গরাবাজার থানার কড়ইবাড়ি গ্রামে রোকসানা বেগম রুবি, তার স্বামী ও সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পর তদন্তকে ঘিরে আলোচনার ঝড় ওঠে। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিওতে নিহত রুবির মেয়ে রিক্তা আক্তারকে বলতে শোনা যায়, “শাহ আলমই হচ্ছেন সেই সাবেক চেয়ারম্যান, যার বাড়িতে ঘটনার আগের রাতে শিমুল চেয়ারম্যান, আনু মেম্বার ও শরীফসহ একাধিক ব্যক্তি মিটিং করেছে।”
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে মামলার তদন্তে গতি আসে। আইনশৃঙ্খলা বাহিনী এই অডিওকে একটি গুরুত্বপূর্ণ ক্লু হিসেবে দেখছে।
স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে এ গ্রেপ্তার। তবে বিএনপির পক্ষ থেকে শাহ আলম সরকারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।