বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের প্রতীক, তাই তিনি যেন রাগের বশে কোনো সিদ্ধান্ত না নেন এবং নিরপেক্ষ থাকেন।
সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এই বৈঠকে ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “সংস্কার প্রসঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হয়েছে। সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে আমরা বিস্তারিত মতামত দিয়েছি এবং অনেক বিষয়ে একমত হয়েছি।”
বিএনপির এই নেতা উল্লেখ করেন, সংবিধান সংশোধন ছাড়া যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে এক মাসের মধ্যে অধ্যাদেশ জারি করা সম্ভব। তার মতে, “নির্বাচনের আগে যেসব সংস্কার করা উচিত, সেগুলো আগে সম্পন্ন করতে হবে। ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার কোনো কারণ নেই।”
সংলাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সালাহউদ্দিন বলেন, “আমরা আশা করি, প্রধান উপদেষ্টা জাতির স্বার্থে এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবেন। তিনি যেন কোনো চাপ বা আবেগে সিদ্ধান্ত গ্রহণ না করেন।”
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হবে।