বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে বাগযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
রোববার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। এর পরপরই সাংবাদিকদের সঙ্গে আলাপে হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে “বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক” বলে কটাক্ষ করেন।
এর জবাবে সোমবার (২৫ আগস্ট) রুমিন ফারহানা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কঠোর সমালোচনা করে হাসনাতকে “ফকিন্নির বাচ্চা” বলে মন্তব্য করেন। সঙ্গে হাসনাতের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে বিভিন্ন ছবি ও প্রমাণও শেয়ার করেন তিনি। রুমিনের এ পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এর আগে রোববার হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি নির্বাচনে কীভাবে ভোটকেন্দ্র দখল করতে পারে, তার একটি টেস্ট ম্যাচ হয়েছে শুনানির ঘটনায়। তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ভেতরে অনেক “আওয়ামী লীগবিষয়ক সম্পাদক” আছেন, যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগকে সমর্থন করেন। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত সমালোচনা করে আরও বলেন, “আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করতে চায়, তারা দেশকে আবারও সংকটের দিকে নিয়ে যেতে চায়। বিএনপি নেতাদের উচিত জনগণের পালস বোঝা, নতুবা ২৪-পরবর্তী বাংলাদেশ আবারও অস্থির হবে।”
এই মন্তব্য পাল্টাপাল্টি ঘিরে বিএনপি ও এনসিপির দুই শীর্ষ নেতার বাগযুদ্ধ এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।