জাতীয় সংসদে জ্বালানি সংকট ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামাল–এর সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি সরকারের জ্বালানি নীতির কড়া সমালোচনা করেন।
রুমিন ফারহানা অভিযোগ করেন, সরকার বারবার জ্বালানি সংকট নেই বলে দাবি করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, কোথাও কোথাও তা তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
ড্রাইভাররা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না। তার প্রশ্ন, যদি সংকট না-ই থাকে, তবে এই পরিস্থিতির কারণ কী এবং কেন তেলের দাম বাড়ানো হচ্ছে?
তিনি জ্বালানি সাশ্রয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে বাজার আগেভাগে বন্ধ করা এবং অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্তকে অদূরদর্শী বলে মন্তব্য করেন। তার মতে, এসব পদক্ষেপ জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।
সংসদ সদস্য আরও জানতে চান, দেশে বর্তমানে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুত কতদিনের এবং কেন পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে না। পাশাপাশি মজুতদারির পেছনে কারা জড়িত, তা তদন্তের দাবি জানান তিনি।
তার বক্তব্য চলাকালে সরকারদলীয় সদস্যদের হট্টগোলের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।