জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নে ঐতিহ্যবাহী শালবন রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে শোলাকুড়ী উচ্চবিদ্যালয়ের সামনে পাকা সড়কে সচেতন নাগরিক কমিটি, শোলাকুড়ী এর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণ, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বন বিভাগ ও সরকারের পক্ষ থেকে শালবন রক্ষার নামে নেওয়া কর্মসূচিগুলো বাস্তবে বন সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখছে না। বরং এসব কার্যক্রমের আড়ালে বিপুল অর্থ অপচয় ও দুর্নীতির সুযোগ সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, সামাজিক বনায়নের নামে প্রকৃত বন তৈরি সম্ভব নয়। এটি শালবন ধ্বংসের একটি সুপরিকল্পিত প্রক্রিয়া বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। দ্রুত বন ধ্বংস বন্ধ না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমন্বয়ক সাংবাদিক জোবায়ে আহসান, পরিবেশকর্মী ও লেখক রাতুল মুন্সি, শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক বকুল হোসেন, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দস আলী, সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হকসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাতুল মুন্সি।