নাটোরের গুরুদাসপুরে মসজিদের জমি, কবরস্থানসংলগ্ন এলাকা ও সরকারি রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ১৭ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার রুহাই গ্রামের চকপাড়া এলাকায় এস্কে মাহাবুব জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এক আইনজীবী ও তাঁর পরিবারের সদস্যরা মসজিদের নির্ধারিত জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করেছেন। এতে মসজিদে যাতায়াতের পথ সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে জানাজা ও মরদেহ আনা-নেওয়ার সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনো ফল পাওয়া যায়নি। বরং প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানির আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
কবরস্থান পরিচালনা কমিটির একজন সদস্য বলেন, মসজিদসংলগ্ন কবরস্থানের পাশে টয়লেট নির্মাণ করায় পরিবেশগত সমস্যাও তৈরি হয়েছে। বাড়ির বর্জ্য পানি কবরস্থানে প্রবেশ করছে বলে তাঁর দাবি।
আরেক ভুক্তভোগী জানান, তাঁর বাড়ির সামনে থাকা সরকারি কাঁচা রাস্তার একটি অংশ দখল করে পিলার স্থাপন করায় যাতায়াতে বাধা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আইনজীবী। তিনি বলেন, জমিটি তাঁদের পৈত্রিক সম্পত্তি এবং যথাযথ মাপজোক অনুযায়ীই ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, পরিবারের চলাচলের পথ সংকুচিত হওয়ায় অন্যদের জন্য জমি ছাড়ার সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।