মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৪নং চর ওয়াপদা ইউনিয়নের থানার হাট এলাকায় ‘শহীদ জিয়া স্মৃতি ক্লাব’ এর তালা ভেঙে দখল, ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লাবের সেক্রেটারি মো: শাহেদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী শাহেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহেদ জানান, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫টার দিকে থানার হাট গরু বাজার সংলগ্ন শহীদ জিয়া স্মৃতি ক্লাবে বিবাদী মো: জুয়েল, মো: ফারুক, মো: কবির, মো: মিরাজ, মো: নবী ও মো: ফরিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে টেবিল, ১১২টি প্লাস্টিক চেয়ার, প্রেশার মেশিন, মোটর এবং জমি সংক্রান্ত লেনদেনের আনুমানিক ৫ লক্ষ টাকার স্ট্যাম্প। এছাড়া ক্যাশ বাক্সে রক্ষিত বাদীর স্ত্রীর ও কন্যার ৬ আনা ৫ রতি ওজনের স্বর্ণালঙ্কার এবং নগদ ৮,০০০ টাকাও তারা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী আরও জানান, গত ১ এপ্রিল বিবাদীরা ক্লাবের সামনের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের চেষ্টা করলে তিনি তাতে বাধা দিয়েছিলেন। সেই ঘটনার জেরে এবং এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিবাদীরা তাকে ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
বর্তমানে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে শাহেদ সংবাদ সম্মেলনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। তিনি জানান, ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করার পর তাদের পরামর্শেই থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানান তিনি।
এই বিষয়ে অভিযুক্ত জুয়েলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয় টা অস্বীকার করেন