আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, “যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে।
তাই যতটা পাপ করেছেন, জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফণা তোলার চেষ্টা করবেন না, জনগণ সেই ফণা ভেঙে দেবে।”
শুক্রবার (২২ আগস্ট) বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে এমনটি যারা ভেবে বসে আছে, তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছে। তার মতে, ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অপরাধ করেছে তাদের প্রতি জনগণের বার্তা স্পষ্ট।
“ছোটখাটো অপরাধীদের ক্ষমা করা হবে, তবে যারা লুটপাট, গুম, খুন, বিরোধী রাজনীতির ওপর হামলা-নির্যাতন চালিয়েছে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না। যদি ফিরে আসে তবে দেশকে আবারও নরকে পরিণত করবে। নুরের দাবি, বিএনপি-জামায়াতের মধ্যে মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ক্ষেত্রে সব বিরোধী দল এক কাতারে থাকবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “মাঝে মধ্যে আপনারা পলাতক নেতাদের কথায় ফণা তুলে নিজেরা ঝামেলা ডেকে আনছেন। এটা ভুল। যদি রাজনীতি করতে চান, তাহলে অন্য দলে যান—বিএনপি, জামায়াত, গণঅধিকার বা এনসিপি—যেটা ভালো লাগে। কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না।”
জুলাই সনদ প্রসঙ্গে নুর বলেন, শুধু আলোচনা দিয়ে কোনো সমাধান আসবে না। যদি জনআকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে তবে গণঅধিকার পরিষদ এতে স্বাক্ষর করবে না। তিনি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে বলেন, দেশের স্বার্থে কিছু মত ছাড় দিয়ে হলেও ঐক্যমত্যে পৌঁছাতে হবে।