বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি প্রতিনিধিদল সংগঠনটির নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা। তার সঙ্গে ছিলেন উপ-পরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, বিচার কার্যক্রমের অগ্রগতি, রাষ্ট্রীয় সংস্কারের সম্ভাবনা এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়।
দুই পক্ষই গণতন্ত্র, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। বৈঠক শেষে জানানো হয়, আলোচনাটি ছিল আন্তরিক ও ইতিবাচক পরিবেশে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বৈঠক ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।