‘তারা জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না’—এভাবেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) হলরুমে আয়োজিত ‘জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন। তাহের বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, তারা জানে ক্ষমতায় আসার সুযোগ হারাবে। তাই তারা অন্যায়ভাবে নির্বাচনের বিরোধিতা করছে।
তিনি বিএনপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। সমাধানের জন্য আলোচনায় বসতে হবে। একইসঙ্গে প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান, যাতে তিনি সব দলকে নিয়ে সংলাপে বসেন।
ড. তাহের অভিযোগ করেন, যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা যেনতেন নির্বাচন দিয়ে পুরোনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, অনেকেই দাবি করছেন আমরা বিভক্ত হয়েছি। কিন্তু জুলাই চেতনায় আমরা এখনো ঐক্যবদ্ধ। জনগণও পিআর পদ্ধতির নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি চায়।
তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে। নয়তো এ নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, পিআর, সংস্কার এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে গণভোট দিন, জনগণই সিদ্ধান্ত নেবে।
তাহের আরও বলেন, শান্তির পথে আমরা থাকতে চাই। কিন্তু জনগণের দাবি পূরণ ছাড়া নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে বাধ্য করা হবে।