জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত কয়েক মাস ধরে ‘গণহত্যাকারী আওয়ামী লীগের’ হয়ে মাঠে সরব রয়েছেন। সোমবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম লিখেছেন,
ফজলুর রহমান এক অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের ‘বেজন্মা’ বলে গালি দিয়েছেন। তিনি দাবি করেন, এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর ও ওরেটরের ভূমিকায় আছেন। ফজলুর রহমান যেভাবে বক্তব্য দিচ্ছেন, তা খুনি লীগের ভাষা ও বয়ান, যা আওয়ামী লীগের মিডিয়া সেলগুলো নিয়মিত প্রচার করছে।
এনসিপি নেতা বলেন, সিনিয়র রাজনীতিবিদদের সম্মান দেওয়া হলেও, যারা ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার মানেন না, ফ্যাসিবাদের দালালি করেন, অভ্যুত্থান মেনে নিতে পারেন না এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেন, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের দায় তাদেরকেই নিতে হবে।
তিনি আরও সতর্ক করে লিখেছেন, লাগামছাড়া কয়েকজনের কারণে বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে চাইবে কিনা, সেই সিদ্ধান্ত বিএনপিকেই নিতে হবে। এসব ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, জনগণ ধরে নেবে তাদের দিয়ে এসব বক্তব্য ইচ্ছাকৃতভাবে বলানো হচ্ছে।