চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু স্পষ্ট করে জানিয়েছেন—বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তবেই তারা ঘরে ফিরবেন। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে এরশাদমঞ্চে আয়োজিত স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজ থেকে চুয়াডাঙ্গায় ধানের শীষের মাঠ তৈরির কাজ শুরু হলো।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“কিছু কিছু মানুষের দুষ্ট কাজের কারণে আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির সিদ্ধান্ত খুব পরিষ্কার—চাঁদাবাজরা বিএনপির লোক নয়, দখলদাররা বিএনপির লোক নয়, যারা দেশের ক্ষতি করে তারা বিএনপির লোক নয়। আপনারা এদের ধরে আইনের হাতে তুলে দেবেন। এটাই বিএনপির রাজনীতি। বিএনপি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার দল, গণতন্ত্রের দল—এখানে আমাদের কোনো আপস নেই।”
বক্তৃতার শুরুতে গভীর শোক প্রকাশ করে দুদু জানান, আগের দিন হঠাৎ মৃত্যুবরণ করেছেন তাদের ঘনিষ্ঠ নেতা মজিবুল হক মালিক মজু। তিনি বলেন,
“আজ আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাঝে এসেছি।”
তিনি আরও বলেন,
“বিএনপির এমপি জোর করে হয় না। তারেক রহমান ১৬ বছর ধরে লড়াই করে যাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি নির্যাতন ও দুঃখ-কষ্ট সহ্য করেছেন, তবুও কখনো স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। আমরা তার কর্মী। আমাদের প্রতীক ধানের শীষ—এটি মানবতার প্রতীক, কৃষকের প্রতীক।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফুল বিশ্বাস মিল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম এবং শেখ সাইফুল ইসলাম।