নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফার ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে বিএনপির দাবি ফিলিং স্টেশন থেকে তেল আনতে গিয়ে সংসদ সদস্যের পিএস আল আমিন ক্ষমতার অপব্যবহার করলে উৎসুক জনতা হামলা করে।
এ ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হক্ষমতার অপব্যবহারের বিষয়টি অস্বীকার করে সংসদ সদস্য মাছুম মোস্তাফার ব্যক্তিগত সহকারী আল আমিন বলেন, বিকেলে মাদরাসা উদ্বোধনের জন্য এমপি মহোদয় গিয়েছিলেন। উপজেলার আতকাপাড়ার একটি পেট্রোল পাম্পে তেল নিতে দাঁড়ায়। এরমধ্যে মাগরিবের আজান হলে তিনি নামাজ পড়তে যান। ওই সময় হামলা করা হয় তার গাড়িতে।
জামায়াতে সংসদ সদস্য মাছুম মোস্তাফা জানান, প্রায় শতাধিক লোক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এর আরও একদিন আগে থেকে তারা বিভিন্ন উত্তেজনামূলক শ্লোগানে মিছিল করছিলো। এ সময় তাঁর উপরেও হামলার চেষ্টা করা হয়।
বিএনপি নেতাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার জানান, সংসদ সদস্যের পিএস একটি ফিলিং স্টেশনে তেল আনতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেন। পরে উৎসুক জনতা তার গাড়ির উপর হামলা করে।
এ ঘটনার খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা গিয়ে জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফা কে নিরাপদে ঘটনাস্থল থেকে চলে যেতে সহযোগিতা করেন। বরং জামায়াতে ইসলামীর এক নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালায়। তারপরও বিএনপি নেতাকর্মীরা ধৈর্য ধরে কোন বিশৃঙ্খলা করেন নি। এখন তারা তর্কের খাতিরে বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়ির উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ইসলাম। তবে কারা হামলা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।