আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ফতেহপুর থেকে কল্যান্দী বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃখননের কাজের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।