যারা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোয় মিশে যাবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সভাপতি সাদিক কায়েম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে, নির্বাচন হয়েছে এবং সরকার গঠিত হয়েছে।
কিন্তু বর্তমান সরকার সেই জুলাই আন্দোলনের চেতনা অস্বীকার করছে এবং বিপ্লবীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন ক্যাম্পাসে আবারও সন্ত্রাস ও ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যা শিক্ষাঙ্গনের জন্য ক্ষতিকর।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাদিক কায়েম বলেন, ক্ষমতায় থেকে ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তিনি হুঁশিয়ার করে বলেন, জুলাইয়ের অর্জন নষ্ট করার কোনো চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
সমাবেশে উপস্থিত নেতারা জুলাইয়ের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।