জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর-কে গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে সরকার আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম দাবি করেন, গণ-অভ্যুত্থানের পর ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আহসান এইচ মনসুরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি বেশ কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেন। পাচারকৃত অর্থ ফেরত আনা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতের উদ্যোগ নেওয়ায় তিনি সুবিধাভোগী গোষ্ঠীর বিরাগভাজন হন বলেও অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া অগণতান্ত্রিক এবং এতে ব্যাংকিং খাত আবারও অস্থিরতার ঝুঁকিতে পড়তে পারে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি সৎ ও দক্ষ নেতৃত্বের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়ার দাবি জানান।