রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের শীর্ষ ওলামাদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলটি ইমারাতে ইসলামিয়া সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। মানবাধিকার ও নারী অধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বের সমালোচনার বিষয়েও তারা সরাসরি বাস্তব চিত্র পরিদর্শন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচনায় দুই দেশের আলেমদের সম্পর্ক জোরদার, কূটনৈতিক অগ্রগতি এবং বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো অগ্রাধিকার পাবে। এছাড়া প্রতিনিধি দলটি আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে।
মামুনুল হক ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর মামুনুল হকসহ প্রতিনিধি দল ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং পরদিন সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান। এ সফরে আফগানিস্তানের পাশাপাশি মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশ সফরেরও পরিকল্পনা রয়েছে তার।