ফয়সাল আহমাদ ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর আড়াইটায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার শতাধিক যুবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
যুব সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, দেশের উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণসমাজকে এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দল কাজ করে যাচ্ছে।
সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করে ভবিষ্যতে গণমানুষের প্রত্যাশা পূরণের তিনি অঙ্গীকার ব্যক্ত করেন এবং তরুণদের দায়িত্বশীল নাগরিক হয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের কল্যাণে চলমান কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, সামাজিক মূল্যবোধ রক্ষা এবং সমাজ উন্নয়নে দলের উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোহাম্মদ আবদুল হাকিম। সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নূরুল ইসলাম।