জাতীয় গণতান্ত্রিক পার্টি (জগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিএনপির কিছু কর্মী ‘কুলাঙ্গার’ শব্দটির প্রকৃত অর্থ বুঝতে না পারায় অপ্রয়োজনীয় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, তিনি দীর্ঘদিন ধরে তার বক্তব্যে বলে আসছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপি আর বর্তমান নেই। তার মতে, তারেক রহমান সেই আদর্শ থেকে সরে গিয়ে দল পরিচালনা করছেন, যা প্রতিষ্ঠাতা নেতাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।
তিনি উল্লেখ করেন, গত ১৫ এপ্রিল এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যের পরই এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যদিও অতীতেও একই ধরনের বক্তব্য দিয়েছেন, তবে এবার ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহারের কারণেই প্রতিক্রিয়া বেশি হয়েছে বলে তিনি মনে করেন।
‘কুলাঙ্গার’ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এর অর্থ হলো এমন ব্যক্তি, যার কর্মকাণ্ডে তার বংশ বা পরিবার কলঙ্কিত হয়। এরপরও এ শব্দ ব্যবহারে বিএনপি সমর্থকদের মধ্যে কষ্ট সৃষ্টি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ শব্দ ব্যবহার করবেন না বলে জানান। তবে তার মূল বক্তব্যে কোনো পরিবর্তন নেই বলেও স্পষ্ট করেন।
রাশেদ প্রধান আরও বলেন, তার বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমর্থকরা বিক্ষোভ, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছেন, যা তিনি তাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখেন।
তিনি দাবি করেন, জনগণের অধিকার নিয়ে কথা বলা তার দায়িত্ব। অতীতেও তিনি স্বৈরাচারবিরোধী অবস্থানে ছিলেন এবং এখনও সেই অবস্থানে রয়েছেন। সরকারের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের কাজই হলো সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা।