জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন—“শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না।” তিনি স্পষ্ট করে দিয়েছেন, উপদেষ্টা হোক কিংবা রাজনীতিবিদ—কাউকেই ছাড় দেওয়া হবে না।
রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম লিখেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়ন ছাড়া অন্য কোনো আলাপ শুরু হবে না। তিনি বলেন, যে-ই এই প্রক্রিয়ার অন্তরায় হওয়ার চেষ্টা করবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে।
তার ভাষায়—“উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান। কে কী করছেন কিংবা করতে চাচ্ছেন, কিছুই গোপন থাকবে না।” তিনি আরও উল্লেখ করেন, “শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে। কিন্তু আপনারা সেটা পারবেন না। জনগণ আর এতটা ভালো নয়।”
সারজিস আলমের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত জুলাই সনদকে ঘিরে যেখানে বিভিন্ন মতবিনিময় চলছে, সেখানে তার বক্তব্যকে অনেকে কঠোর সতর্কবার্তা হিসেবে দেখছেন। বিশেষত, যারা সংস্কারের নামে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে বা দেরি করাতে চাইছে, তাদের উদ্দেশেই এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
তিনি আরও বলেন, জনগণ এখন অত্যন্ত সচেতন, তারা কারও প্রতারণা বা ফাঁকি মেনে নেবে না। জুলাই সনদের বাস্তবায়নই দেশের রাজনৈতিক পরিবর্তনের একমাত্র সঠিক পথ। তাই যেকোনো ষড়যন্ত্র বা গোপন খেলা এবার জনগণই প্রতিহত করবে।
সারজিস আলমের এই পোস্ট স্পষ্ট করেছে—এনসিপি জুলাই সনদের প্রতি আপসহীন অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতের যেকোনো রাজনৈতিক আলাপ-আলোচনার কেন্দ্রবিন্দু হবে কেবল এই সনদ।