‘জুবায়ের-মুসাদ্দিককে থানার গেট থেকে ওসি রুম পর্যন্ত মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে’—এমন অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সাদিক কায়েম বলেন, ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ কয়েকজন শাহবাগ থানায় গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তিনি অভিযোগ করেন, থানার গেট থেকে ওসির কক্ষ পর্যন্ত তাদের মারধর করে নিয়ে যাওয়া হয়েছে, যা নাগরিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।
তিনি আরও বলেন, একজন নাগরিক থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে না পারলে দেশের আইনের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। আব্দুল্লাহ আল মাহমুদ নামে এক শিক্ষার্থী নিরাপত্তার জন্য জিডি করতে গেলে তা গ্রহণ না করে তাকে দীর্ঘ সময় থানায় আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আহত জুবায়ের ও মুসাদ্দিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর পোস্ট ছড়ানোকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। তবে সংশ্লিষ্টরা ওই পোস্টের স্ক্রিনশটকে ভুয়া দাবি করেছেন।